পাথুরে পাহাড়-পর্বতে ঘেরা দেশটির মানুষদের প্রেম–ভালোবাসা ফুটবল ঘিরে। কারণটাও অনুমেয়। চাইলেই বুট পরে সমতল পাথুরে জমিতে ইচ্ছেমতো ফুটবল খেলা যায়। কিন্তু ঊষর পাথুরে ভূখণ্ডের যেকোনো জায়গায় চাইলেই তো আর ক্রিকেট খেলা সম্ভব নয়। রাজধানী মাসকাটের আল আমেরাত গ্রাউন্ডই একমাত্র আন্তর্জাতিক ভেন্যু, যেটিকে ঘিরে দেশটির ক্রিকেট আবর্তিত হচ্ছে।
অথচ ফুটবলপাগল দেশ হয়েও কখনো ফিফা বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করতে পারেনি ওমান। কিন্তু ক্রিকেটের বিশ্বমঞ্চে ছিল তিন–তিনবার (২০১৬, ২০২১ ও ২০২৪ টি–টোয়েন্টি বিশ্বকাপ)। দেশটি ২০২১ টি–টোয়েন্টি বিশ্বকাপের সহ–আয়োজকও ছিল।
আরও চমকে দেওয়ার মতো তথ্য হতে পারে এটি—দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে আজ পাকিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে এশিয়া কাপে অভিষেক হচ্ছে ওমানের। মানে, মহাদেশীয় প্রতিযোগিতার আগে বৈশ্বিক টুর্নামেন্টেই তাদের পথচলা শুরু হয়েছে আগে!
দলটির প্রায় সবাই যেহেতু পাকিস্তান ও ভারতীয় বংশোদ্ভূত, তাই দুবাইয়ে আজ কেউ খেলবেন জন্মভূমি বা পিতৃভূমির বিপক্ষে, কেউ ‘শত্রু’ দেশের বিপক্ষে
২০০৩ সালে ভারত ছেড়ে ওমানে পাড়ি জমানোর পর বাবার সঙ্গে কিছুদিন কাঠমিস্ত্রির কাজও করেছেন যতীন্দর। এই যতীন্দরই ওমানের আন্তর্জাতিক টি–টোয়েন্টি ইতিহাসের সর্বোচ্চ রান সংগ্রাহক। আজ পাকিস্তানের বিপক্ষে একটি সিঙ্গেল নিতে পারলেই দেশটির প্রথম ব্যাটসম্যান হিসেবে ১৪০০ রানের মাইলফলক স্পর্শ করবেন।