জকিগঞ্জ উপজেলার পূর্ব খলাদাপনিয়া গ্রামে গরু চুরির অভিযোগকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা দেখা দিয়েছে। স্থানীয়দের দাবি—সম্প্রতি ঘটে যাওয়া গরু চুরির ঘটনায় মকতি মিয়ার পরিবারের সদস্যরা জড়িত এবং সিসি ক্যামেরার ফুটেজে তাদের চেহারা স্পষ্টভাবে দেখা গেছে।
ফুটেজটি এলাকায় ছড়িয়ে পড়ার পর ক্ষোভ ছড়িয়ে পড়ে গ্রামবাসীর মধ্যে। উত্তেজিত এলাকাবাসী মকতি মিয়ার পরিবারকে ২৪ ঘণ্টার মধ্যে এলাকা ছাড়ার কড়া হুশিয়ারি দিয়েছে। এতে পুরো গ্রামজুড়ে আতঙ্ক ও অস্থিরতা বিরাজ করছে।
এদিকে সচেতন মহল বিষয়টি নিয়ে উদ্বেগ জানিয়ে বলেন,
“চুরি যেমন অপরাধ, তেমনি আইন নিজের হাতে তুলে নেওয়াও ঠিক নয়। অভিযোগ সত্য হলে আইনশৃঙ্খলা বাহিনীই যথাযথ ব্যবস্থা নেবে।”
জকিগঞ্জ থানার ওসি জানান,
“ঘটনার বিষয়ে আমরা অবগত। কেউ লিখিত অভিযোগ দিলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
পরিস্থিতি যাতে আরও উত্তপ্ত না হয়, সে বিষয়ে এলাকাবাসীকে সতর্ক থাকা এবং আইনি প্রক্রিয়ার প্রতি আস্থা রাখার অনুরোধ জানানো হয়েছে।