২৪ ঘন্টার খবর
ফলো করুন
রাশিয়া-ইউক্রেন যুদ্ধ
রাশিয়ার ড্রোন হামলা কোনো ভুল ছিল না: পোল্যান্ড
প্রকাশ: ১৩ সেপ্টেম্বর ২০২৫ | ০২:৪২
পোল্যান্ড তাদের আকাশসীমায় রুশ ড্রোন অনুপ্রবেশকে পরিকল্পিত হামলা বলে আখ্যায়িত করেছে। শুক্রবার দেশটির প্রধানমন্ত্রী ডোনাল্ড টাস্ক স্পষ্ট জানিয়ে দিয়েছেন, এটা কোনো ভুল ছিল না। এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মন্তব্য করেন, ড্রোনগুলো ভুলবশত পোল্যান্ডে ঢুকে পড়তে পারে।
বুধবার পোল্যান্ড ন্যাটো মিত্রদের সহায়তায় তাদের আকাশসীমায় ঢুকে পড়া রুশ ড্রোন ভূপাতিত করেছে।
ইউক্রেনে রাশিয়ার পূর্ণমাত্রার আগ্রাসন শুরুর পর এই প্রথম ন্যাটোর কোনো সদস্য দেশ সরাসরি গুলি চালাল। ঘটনার নিন্দা জানিয়ে ইউরোপের নেতারা মস্কোর বিরুদ্ধে নতুন করে নিষেধাজ্ঞার দাবি তুলেছেন। এ বিষয়ে জরুরি বৈঠক ডাকার অনুরোধ করেছে পোল্যান্ড, যা শুক্রবার জাতিসংঘ নিরাপত্তা পরিষদে হওয়ার কথা।
রাশিয়ার দাবি, তাদের ড্রোন হামলার লক্ষ্য ছিল ইউক্রেন; পোল্যান্ড নয়। তবে পোল্যান্ডের উপপ্রতিরক্ষামন্ত্রী সেজারি টমচিক বলেন, ‘এটা ভুল নয়, রাশিয়ার পরিকল্পিত আক্রমণ।’
ঘটনাটি ন্যাটোর প্রতিরক্ষা প্রস্তুতি ও ইউরোপের আকাশ নিরাপত্তা নিয়ে নতুন প্রশ্ন তুলেছে। ইউরোপীয় নেতাদের মতে, এটি প্রমাণ করে মস্কো শান্তিচুক্তিতে কোনো আগ্রহ দেখাচ্ছে না।
ঘটনার পর ফ্রান্স তিনটি রাফালে যুদ্ধবিমান পাঠানোর ঘোষণা দিয়েছে পোল্যান্ডের আকাশ প্রতিরক্ষা জোরদার করতে। জার্মানি জানিয়েছে, তারা ন্যাটোর পূর্ব সীমান্তে সামরিক উপস্থিতি আরও বাড়াবে। ব্রিটেন রাশিয়ার ওপর নতুন করে নিষেধাজ্ঞার ঘোষণা দিয়েছে।
এদিকে শুক্রবার থেকে রাশিয়া ও বেলারুশ যৌথ সামরিক মহড়া শুরু করেছে। এজন্য পূর্ব সীমান্তে সেনা মোতায়েন বাড়াচ্ছে পোল্যান্ড। বর্তমানে সীমান্তে ১০ হাজার সেনা অবস্থান করলেও কয়েক দিনের মধ্যেই তা বেড়ে দাঁড়াবে প্রায় ৪০ হাজারে। একই দিন রাশিয়ার হামলায় ইউক্রেনের সুমি অঞ্চলে তিনজন নিহত হয়েছেন। অন্যদিকে ইউক্রেনীয় ড্রোন রাশিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলীয় প্রিমোরস্ক বন্দরে হামলা চালিয়ে একটি জাহাজ ও পাম্পিং স্টেশনে আগুন ধরিয়ে দেয়। এটিই প্রথমবারের মতো রাশিয়ার বৃহৎ তেল রপ্তানি টার্মিনালে ইউক্রেনীয় ড্রোন হামলা। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, বৃহস্পতিবার রাতে তাদের আকাশ প্রতিরক্ষা বাহিনী ইউক্রেনের ২৩৮টি ড্রোন ধ্বংস করেছে। এর মধ্যে ৯টি রাজধানী মস্কো অঞ্চলের আকাশে ধ্বংস করা হয়।
অন্যদিকে, ব্রিটেনের ডিউক অব সাসেক্স প্রিন্স হ্যারি আকস্মিকভাবে ইউক্রেন সফরে গেছেন। যুদ্ধাহতদের পুনর্বাসন কার্যক্রমে সহায়তার উদ্দেশ্যে করা এই সফরে তিনি প্রতিশ্রুতি দিয়েছেন, যতটা সম্ভব তিনি আহত সামরিক সদস্যদের সুস্থতায় ভূমিকা রাখবেন। আজ সকালে ট্রেনে রাজধানী কিয়েভে পৌঁছান প্রিন্স হ্যারি।