বিশ্বজুড়ে ইসরায়েলবিরোধী বিক্ষোভ, জলদস্যুতা, ফ্লোটিলা আটক আন্তর্জাতিক
আল–জাজিরা
আপডেট: ০৩ অক্টোবর ২০২৫, ০২: ০৮
জ
ফিলিস্তিনিদের সঙ্গে সংহতি প্রকাশ করে এবং ফ্লোটিলা আটকের নিন্দা জানিয়ে বিক্ষোভকারীরা ফিলিস্তিনি পতাকার রঙের ধোঁয়া উড়িয়ে বিক্ষোভ প্রদর্শন করছেন। ২ অক্টোবর, বোগোতা, কলম্বিয়াছবি: এএফপি
ফিলিস্তিনের গাজা অভিমুখে যাত্রা করা ত্রাণবাহী নৌবহর ‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলা’র একটি বাদে সব কটি নৌযান আটকানোর ঘটনায় বিশ্বজুড়ে ব্যাপক নিন্দা জানানো হয়েছে। ইউরোপ থেকে অস্ট্রেলিয়া ও দক্ষিণ আমেরিকা পর্যন্ত দেশে দেশে বিক্ষোভকারীরা রাস্তায় নেমে ইসরায়েলের পদক্ষেপের তীব্র প্রতিবাদ জানান এবং দেশটির বিরুদ্ধে কঠোর নিষেধাজ্ঞার দাবি তোলেন।
ফ্লোটিলা আটকানোর ঘটনায় ইসরায়েলের বিরুদ্ধে ‘আন্তর্জাতিক জলদস্যুতার’ অভিযোগ তুলেছেন ফিলিস্তিনি এক আইনজীবী।
ইসরায়েলের পদক্ষেপের প্রতিবাদে কলম্বিয়ার রাজধানী বোগোতায় বিক্ষোভ হয়। এ সময় বিক্ষোভকারীরা দাঙ্গা পুলিশের সামনে বাদ্যযন্ত্র বাজান। ২ অক্টোবরছবি: এএফপি
গ্লোবাল সুমুদ ফ্লোটিলা ইসরায়েলের নৌ অবরোধ ভেঙে সমুদ্রপথে গাজায় ত্রাণ নিয়ে যাওয়ার একটি বৈশ্বিক প্রচেষ্টা। গ্লোবাল সুমুদ ফ্লোটিলার প্রথম বহর ৩১ আগস্ট স্পেনের বার্সেলোনা থেকে যাত্রা শুরু করে।
জাতিসংঘ জানিয়েছে, প্রায় দুই বছরের যুদ্ধ শেষে গাজায় দুর্ভিক্ষের মতো পরিস্থিতি তৈরি হয়েছে। এই নৌবহরের উদ্দেশ্য ছিল অবরুদ্ধ গাজায় মানবিক সহায়তা পৌঁছানো এবং অবরোধকে চ্যালেঞ্জ জানানো।
একজন ইসরায়েলি কর্মকর্তা বলেছেন, ৪১টি জাহাজে চার শতাধিক যাত্রী ছিলেন। তাঁদের মধ্যে রাজনীতিক ও জলবায়ু আন্দোলনের কর্মী গ্রেটা থুনবার্গও আছেন। গত বুধবার থেকে ইসরায়েলি নৌবাহিনী একটি বাদে নৌবহরের সব নৌযান আটকে দেয়।
বার্সেলোনা থেকে ডাবলিন পর্যন্ত বিক্ষোভ
স্পেনের দ্বিতীয় বৃহত্তম শহর বার্সেলোনার পৌর পুলিশ জানিয়েছে, প্রায় ১৫ হাজার মানুষ রাস্তায় নেমে ইসরায়েলের এ পদক্ষেপের বিরুদ্ধে বিক্ষোভ করেছেন। তাঁরা স্লোগান দেন—‘গাজা, তুমি একা নও’; ‘ইসরায়েলকে বর্জন করো’ এবং ‘ফিলিস্তিনের স্বাধীনতা চাই’।
স্পেনের সরকারি টেলিভিশনে প্রচারিত ফুটেজে দেখা যায়, বিক্ষোভকারীরা ব্যারিকেড টপকে ওঠার চেষ্টা করছিল। দাঙ্গা পুলিশ একপর্যায়ে লাঠিপেটা করে তাঁদের ছত্রভঙ্গ করে দেয়।
ফিলিস্তিনিদের সঙ্গে সংহতি প্রকাশ এবং ইসরায়েলি সেনাবাহিনী কর্তৃক ফ্লোটিলার বাধাদানের নিন্দা জানাতে বিক্ষোভকারীরা ফিলিস্তিনি পতাকা উড়িয়েছেন। ২ অক্টোবর, ইস্তাম্বুল, তুরস্কছবি: এএফপি
সুমুদ ফ্লোটিলায় থাকা একটি নৌযানে বার্সেলোনার সাবেক মেয়র আডা কোলাউ ছিলেন। তাঁর পাশাপাশি ছিলেন নেলসন ম্যান্ডেলার নাতি ম্যান্ডলা ম্যান্ডেলাও। তাঁদের সবাইকে ইসরায়েল থেকে বহিষ্কার (ডিপোর্ট) হওয়ার মুখে পড়তে হচ্ছে।
একই ঘটনায় আইরিশ পার্লামেন্টের বাইরে ডাবলিনে কয়েক শ মানুষ মিছিল করেন। সেখানে ফিলিস্তিনিদের প্রতি সমর্থনকে প্রায়ই ব্রিটিশ ঔপনিবেশিক শাসনের বিরুদ্ধে আয়ারল্যান্ডের দীর্ঘ সংগ্রামের সঙ্গে তুলনা করা হয়।
এই বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন মিরিয়াম ম্যাকন্যালি নামের একজন নারী। তাঁর মেয়ে ওই নৌবহরে আছেন। তিনি বলেন, ‘আমি আমার মেয়ের জন্য ভীষণ চিন্তিত, তবে আমি গর্বিতও। সে মানবতার পক্ষেই দাঁড়িয়েছে।’
ভেনেজুয়েলার কারাকাসে ফ্লোটিলা আটকের নিন্দা জানাতে জনগণ বিক্ষোভে অংশ নেয়। ২ অক্টোবরছবি: এএফপি
ফ্রান্স, ইতালি ও তুরস্কে উত্তাল জনতা
প্যারিসে প্লেস দ্য লা রিপাবলিকে প্রায় এক হাজার মানুষ বিক্ষোভ মিছিল করেন। দক্ষিণ ফ্রান্সের মার্সেই নগরে বিক্ষোভকারীরা অস্ত্র প্রস্তুতকারী একটি প্রতিষ্ঠানের কার্যালয় অবরোধ করতে গেলে পুলিশ কয়েক শ বিক্ষোভকারীকে আটক করে। অভিযোগ আছে, ওই প্রতিষ্ঠানটি অস্ত্রসহ সামরিক সরঞ্জাম ইসরায়েলের কাছে বিক্রি করে।
এএফপির সংবাদদাতাদের তথ্যমতে, বার্লিন, হেগ, তিউনিস, ব্রাসিলিয়া এবং বুয়েনস এইরেসেও বিক্ষোভ হয়েছে।
ত্রিপোলিতে গাজা উপত্যকা ও সুমুদ ফ্লোটিলার সমর্থনে বিক্ষোভের সময় লিবীয়রা স্লোগান দিচ্ছেন। ২ অক্টোবরছবি: এএফপি
ইতালিতে দেশটির প্রধান শ্রমিক ইউনিয়নগুলো নৌবহরের সঙ্গে সংহতি জানাতে আজ শুক্রবার সাধারণ ধর্মঘটের ডাক দিয়েছে। হাজারো মানুষ রাস্তায় নেমে প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনিকে কর্মীদের পক্ষে দাঁড়ানোরও আহ্বান জানিয়েছে।
রোমের পুলিশ জানিয়েছে, প্রায় ১০ হাজার মানুষ বিক্ষোভ মিছিলে যোগ দিয়েছেন। এ ছাড়া মিলান, তুরিন, ফ্লোরেন্স ও বোলোনিয়াতেও বিক্ষোভ হয়েছে।
রাজধানীতে বুধবার সন্ধ্যায় হওয়া বিক্ষোভের পর গতকালও কলোসিয়ামের সামনে মানুষ জমায়েত হয়। তাঁরা মিছিল করে ইসরায়েলের পক্ষে কট্টর ডানপন্থী প্রধানমন্ত্রী মেলোনির সমর্থনের নিন্দা জানান