মিশরে গাজা শান্তি আলোচনায় যোগ দেবেন মার্কিন বিশেষদূত ও ট্রাম্পের জামাতা
আপডেট: ০৩:০৫, ০৮ অক্টোবর ২০২৫
মিশরে গাজা শান্তি আলোচনায় যোগ দেবেন মার্কিন বিশেষদূত ও ট্রাম্পের জামাতা
ছবি: বিবিসি
মিশরে গাজা শান্তি আলোচনায় যোগ দেবেন মার্কিন বিশেষ দূত স্টিভ উইটকফ ও প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনার। বুধবার (০৮ অক্টোবর) ইসরায়েলি ও হামাস প্রতিনিধিদের মধ্যে গাজা শান্তি আলোচনায় যোগ দেবেন তারা।
ফিলিস্তিনির একজন জ্যেষ্ঠ কর্মকর্তা বিবিসিকে জানিয়েছে, মঙ্গলবার (৭ অক্টোবর) দ্বিতীয় দিনের পরোক্ষ আলোচনাও কোনো দৃশ্যমান অগ্রগতি ছাড়াই শেষ হয়েছে।
ইসরায়েলে ৭ অক্টোবর হামাস নেতৃত্বাধীন হামলার দ্বিতীয় বার্ষিকীতে ট্রাম্প আশাবাদ ব্যক্ত করে বলেছেন, ‘মধ্যপ্রাচ্যে শান্তির সম্ভাবনা রয়েছে।’ অন্যদিকে, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু আলোচনার অগ্রগতি নিয়ে কোনো মন্তব্য না করলেও দেশবাসীকে জানিয়েছেন, তারা ‘সিদ্ধান্তের ভাগ্যনির্ধারণী দিনগুলোর’ মধ্যে দিয়ে যাচ্ছেন।
এক্সে দেয়া এক পোস্টে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু বলেছেন, ইসরায়েল তার যুদ্ধ-লক্ষ্য অর্জনের জন্য কার্যক্রম চালিয়ে যাবে। তিনি লিখেছেন, ‘সব অপহৃত নাগরিকের মুক্তি, হামাস শাসনের অবসান এবং গাজা যেন আর কখনও ইসরায়েলের জন্য হুমকি না হয়—এটাই আমাদের লক্ষ্য।’ বিবিসিকে এক সূত্র জানিয়েছে, স্টিভ উইটকফ ও জ্যারেড কুশনার বুধবার মিশরে পৌঁছানোর কথা রয়েছে।
রয়টার্সকে এক কর্মকর্তা জানিয়েছেন, গাজা শান্তি আলোচনায় অংশ নিতে যোগ দেবেন কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুর রহমান আল থানি, যিনি আলোচনার অন্যতম প্রধান মধ্যস্থতাকারী হিসেবে বিবেচিত।
কর্মকর্তার ভাষায়, আল থানির অংশগ্রহণের লক্ষ্য হলো ‘গাজায় যুদ্ধবিরতি পরিকল্পনা ও বন্দি বিনিময় চুক্তিকে এগিয়ে নেয়া।’ এছাড়া, তার সঙ্গে তুরস্কের গোয়েন্দা সংস্থার প্রধানও আলোচনায় যোগ দেয়ার কথা রয়েছে।