জকিগঞ্জে প্রবাসীর বাড়িতে ডাকাতি করে পালানোর সময় আটক ১
নিজস্ব প্রতিবেদক:: সিলেটের জকিগঞ্জ উপজেলার কাজলসার ইউনিয়নের পশ্চিম গোটারগ্রামে এক প্রবাসীর বাড়িতে ভয়াবহ সশস্ত্র ডাকাতির ঘটনা ঘটেছে। সোমবার (২৭ অক্টোবর) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে প্রবাসী মছলুল হকের বাড়িতে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, মছলুল হকের দুই ছেলে দুবাই ও এক ছেলে সিঙ্গাপুরে প্রবাসী। ওই রাতে ৬–৭ জনের একদল সশস্ত্র ডাকাত মুখে কাপড় বেঁধে বাড়ির দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে। তারা পরিবারের সদস্যদের ধারালো অস্ত্রের মুখে জিম্মি করে ৮ ভরি স্বর্ণালংকার, নগদ ২ লাখ ৬০ হাজার টাকা ও উন্নতমানের দুটি মোবাইল ফোনসহ ঘরের মূল্যবান জিনিসপত্র লুট করে নিয়ে যায়।
বাড়ির মালিক মছলুল হক জানান, রাত সাড়ে ৩টার দিকে দরজার প্রচণ্ড শব্দে ঘুম ভেঙে যায়। মুহূর্তের মধ্যে ৬–৭ জন সশস্ত্র ডাকাত ঘরে ঢুকে পড়ে। তারা ধারালো অস্ত্রের ভয় দেখিয়ে আমার ও আমার এক ছেলের হাত-পা ও চোখ বেঁধে ফেলে। এরপর ঘরের সব মূল্যবান জিনিসপত্র তছনছ করে লুট করে নেয়। বাইরে থেকেও ডাকাতদের আনাগোনা ও কথাবার্তা শোনা যাচ্ছিল।
তিনি আরও বলেন, আমাদের বেঁধে রাখার আগে আমি ২–৩ জনের মুখ চিনতে পেরেছি। ডাকাতরা চলে যাওয়ার পর পরিবারের চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে আসে। আমরা সঙ্গে সঙ্গে জাতীয় জরুরী নাম্বারে কল দিলে জকিগঞ্জ থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে আসে এবং অভিযান চালিয়ে একই গ্রামের ফয়সল আহমদ (৩৭) নামের একজনকে আটক করে।
আটক ফয়সল আহমদ পশ্চিম গোটারগ্রামের এবাদুর রহমানের ছেলে। পুলিশ জানায়, আটক ফয়সলের শরীরে কাদা লেগে ছিল এবং তার কাছ থেকে ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে, ডাকাতির সময় সে পালিয়ে যাওয়ার সময় কাদার মধ্যে পড়ে গিয়েছিল।
জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল ইসলাম মুন্না বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অভিযান চালিয়ে সন্দেহভাজন এক ব্যক্তিকে আটক করা হয়েছে। ঘটনাস্থল থেকে কিছু আলামতও জব্দ করা হয়। তদন্ত চলছে, আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে স্থানীয়রা জানান, গত দুদিন আগে একইভাবে আরও একটি ডাকাতির ঘটনা ঘটে একই গ্রামের সাবেক ইউপি সদস্য মৃত তাহির আলীর বাড়িতে।