একসময় অনেক কাজ চাইতাম, এখন তা মোটেই চাই না: মাহি
সামিরা খান মাহি। ছবি:ফেসবুক পেইজ থেকে নেয়া
ফয়েজ আল আমিন
প্রকাশ: ১৮ সেপ্টেম্বর ২০২৫ ১৬:১৭ আপডেট: ১৮ সেপ্টেম্বর ২০২৫ ১৬:১৭
মুখে এক চিলতে মিষ্টি হাসি লেগেই থাকে সারাক্ষণ। কেবল রূপ-লাবণ্যে নয়, অসংখ্য দর্শকের ভালোবাসা পেয়েছেন যিনি স্বীয় অভিনয় গুণে। বলছি, অভিনেত্রী ও মডেল সামিরা খান মাহির কথা। ক্যারিয়ারের শুরুতে মাহিকে ছোট পর্দার মিষ্টি প্রেমের গল্পে দেখা যেত। মাঝে কিছু নিরীক্ষাধর্মী কাজেও তাঁকে দেখা গেছে। কিন্তু এবার তাঁকে এক নতুন রূপে দেখা গেল!
‘খুশবু’ ধারাবাহিকে রীতিমতো আইটেম গার্ল হিসেবে দর্শকের সামনে হাজির হয়েছেন এই তারকা। কাঙ্ক্ষিত প্রেমে ব্যর্থ হয়ে বিরহের আগুনে পুড়ছে এক তরুণী। দীপ্ত টিভির প্রচার চলতি মেগা ধারাবাহিকটির প্রথম পর্বেই ছিল তাঁর আইটেম গানটি। সেখানে মাহির চরিত্র ছিল ঢাকাই সিনেমার ব্যস্ত নায়িকা তিতলি মির্জা! এটি পরিচালনা করেছেন সাজ্জাদ সুমন।
‘খুশবু’ ধারাবাহিকে দর্শক প্রতিক্রিয়া নিয়ে মাহি বলেন, ‘প্রত্যাশার চেয়ে বেশি সাড়া পাচ্ছি। কাছের মানুষ থেকে শুরু করে মিডিয়ার অনেকে কাজটির প্রশংসা করেছেন। এমন চরিত্রে অভিনয় করা যেমন চ্যালেঞ্জিং, তেমনি আনন্দদায়ক। এটি টিভিতে প্রচারের পাশাপাশি দীপ্তর ডিজিটাল প্ল্যাটফর্মেও দেখার সুযোগ পাচ্ছেন দর্শক। সব মিলিয়ে এটি বেশি দর্শকের কাছে পৌঁছেছে বলে বেশি সাড়া মিলছে। জীবনের কঠিন এক মুহূর্তে গ্রাম থেকে শহরে আসা এক তরুণীর নানামুখী সংগ্রাম ঘিরে নতুন এ গল্প। রুপালি পর্দার আড়ালে থাকা সিনেমার মানুষদের গল্পের কিছু অংশ রয়েছে এ নাটকে। সামনের পর্বগুলোতে বেশ চমক আছে’।
অভিনয় ক্যারিয়ারের এ সময়ে এসে কাজের ব্যাপারে একটু বেশি হিসাবনিকাশ করছেন মাহি। অভিনয় করছেন ভিন্নধর্মী চরিত্রে এর আগে ‘বকুল ফুল’ নাটকে উসকোখুশকো চুলের মানসিক ভারসাম্যহীন এক নারীর চরিত্রে দেখা গেছে। কাজটি দিয়ে দর্শক সমালোচকদের প্রশংসা পেয়েছেন তিনি।
মাহির ভাষ্য, ‘এটি সত্যি যে, ইদানীং কাজের ব্যাপারে বেশি বাছবিচার করছি। একসময় চাইতাম অনেক কাজ আসুক। এখন তা মোটেই চাই না। আমি সময় নিয়ে কাজ করতে পছন্দ করি। অনেক টিমের কাছ থেকে এটি পাই না। যে টিমের কাছ থেকে বেশি সাপোর্ট পাব, তাদের সঙ্গে আমি এখন কাজ করছি। এ সিদ্ধান্তের কারণে দর্শকদের ভালো কিছু কাজ উপহার দেওয়া সম্ভব হয়েছে।
‘ওভার ট্রাম্প’ ওয়েব সিরিজ দিয়ে ওয়েবের ভুবনে অভিষেক হয় তাঁর। প্রথম কাজ দিয়ে দর্শক প্রশংসা কুড়িছেন এ অভিনেত্রী। এরপর থেকেই ওটিটিতে তাঁর ব্যস্ততা বেড়েছে। ওটিটির ব্যস্ততার কারণে অভিনয়শিল্পীরা টিভি-নাটক অনেকটাই কমিয়ে দিয়েছেন। মাহি সে পথে হাঁটতে নারাজ। ওটিটির পাশাপাশি চালিয়ে যেতে চান নাটকের কাজও। ভালো গল্প-চরিত্র পেলে যে কোনো সময় সিনেমায় তাঁকে দেখা যাবে বলে জানান এ অভিনেত্রী।
অভিনয় ও মডেলিংয়ের পাশাপাশি সামাজিক মাধ্যমেও বেশ সরব তিনি। সম্প্রতি ফেসবুকে এক আবেগঘন পোস্ট দিয়েছেন। সেখানে তিনি মানুষের প্রতি আস্থা হারানো, সহমর্মিতা ও ভালোবাসার অভাব নিয়ে নিজের অনুভূতি প্রকাশ করেছেন।