প্রতিপক্ষের আক্রমণে শুরুতেই কোণঠাসা আবাহনী কেবল চেষ্টাই করে গেল নিজেদের মেলে ধরার, কিন্তু পারল না। ২৬ দিনের প্রস্তুতির প্রতিফলনও তারা দেখাতে পারল না মুরাস ইউনাইটেডের বিপক্ষে মাঠের লড়াইয়ে। পোস্টে মিতুল মারমা সপ্রতিভ থাকলেও দ্বিতীয়ার্ধে তার প্রতিরোধের দেয়ালেও ধরল চিড়। মুরাসের বিপক্ষে হেরে এএফসি চ্যালেঞ্জ লিগের প্লে-অফ থেকে বিদায় নিল মারুফুল হকের দল।
জাতীয় স্টেডিয়ামে মঙ্গলবার এএফসি চ্যালেঞ্জ লিগের প্রিলিমিনারি রাউন্ডের প্লে-অফ ম্যাচে মুরাসের বিপক্ষে ২-০ গোলে হেরেছে আবাহনী। ২০১৯ সালে সবশেষ এএফসি কাপের গ্রুপ পর্বে খেলেছিল আকাশি-নীল জার্সিধারীরা। ২০২২-২৩ মৌসুমে এএফসি কাপ বিলুপ্ত করে দেয় এএফসি। এ বছর থেকে চালু হয়েছে চ্যালেঞ্জ লিগ।
নিজেদের মাঠে খেলা বলে আত্মবিশ্বাসী ছিল আবাহনী। শেখ মোরসালিন, সুলেমানে দিয়াবাতেকে নিয়ে ভালো কিছুর স্বপ্নে বিভোর ছিল তারা। কিন্তু মাত্র দুই বছর আগে পথচলা শুরু করা মুরাস ইউনাইটেডের বিপক্ষে তেমন কিছুই করে দেখাতে পারল না বাংলাদেশের ঐতিহ্যবাহী ক্লাবটি।