ঢাকা-ইসলামাবাদ সরাসরি ফ্লাইট চালুর ব্যাপারে ফলপ্রসূ বৈঠক
বাসস
প্রকাশ: ০৪ সেপ্টেম্বর ২০২৫, ১৩:২৫
ফলো করুন
ঢাকা-ইসলামাবাদ সরাসরি ফ্লাইট চালুর ব্যাপারে ফলপ্রসূ বৈঠক
বাংলাদেশ ও পাকিস্তান সরাসরি উড়োজাহাজ চলাচল আবার শুরু করার আরও কাছাকাছি পৌঁছেছে। বুধবার উভয় দেশের বেসামরিক উড়োজাহাজ চলাচল কর্তৃপক্ষের মধ্যে ফলপ্রসূ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে উভয় পক্ষ ঢাকা ও ইসলামাবাদের মধ্যে ফ্লাইট আবার চালুর ব্যাপারে আগ্রহ প্রকাশ করেছে।
পাকিস্তানের বেসামরিক উড়োজাহাজ চলাচল কর্তৃপক্ষের মহাপরিচালক নাদির শফি দার ঢাকায় বাংলাদেশের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) সদর দপ্তরে বেবিচক চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মোস্তফা মাহমুদ সিদ্দিকের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।
বৈঠকে উভয় পক্ষ আশাবাদ ব্যক্ত করে বলে, সরাসরি উড়োজাহাজ চলাচল আবার চালু হলে দুই দেশের মধ্যে বাণিজ্য, পর্যটন ও জনগণের মধ্যে যোগাযোগ বৃদ্ধি পাবে। তাঁরা উড়োজাহাজ চলাচল খাতে প্রযুক্তিগত অভিজ্ঞতা বিনিময়, সক্ষমতা বৃদ্ধি এবং পারস্পরিক সহযোগিতার ওপর গুরুত্বারোপ করেন।
বেবিচকের ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইনসের (পিআইএ) প্রধান নির্বাহী কর্মকর্তা বৈঠকে উপস্থিত ছিলেন।